পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ শিগগিরই পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, পুরো প্রক্রিয়াটি বর্তমানে চলমান রয়েছে। এটি একটি জটিল ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হওয়ায় এখানে কোনো ধরনের ভুল করা যাবে না। তবে পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন আইনের বিধান অনুযায়ী সকল জাতিসত্তা ও জনগোষ্ঠীর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করেই পরিষদ গঠন করা হবে।

শনিবার (১৬ মে) রাঙামাটিতে আন্তর্জাতিকভাবে সমাদৃত জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন লার্নিং সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, নতুন প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় উপযোগী করে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই। পার্বত্যাঞ্চলের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ‘কুমন’ পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় দক্ষ করতে বিদেশি শিক্ষা পদ্ধতি গ্রহণে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এ ধরনের উদ্যোগকে সবসময় উৎসাহ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানটি রাঙাপানি মোনঘর আবাসিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোনঘর কার্যনির্বাহী কমিটির সভাপতি শ্রদ্ধালংকার মহাথের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান, এমইউএফজি ব্যাংক বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ম্যানেজিং ডিরেক্টর কিমুরা কেঞ্জি, জাইকা বাংলাদেশের স্পেশাল অ্যাডভাইজার কিয়োকো আমাদা, এবং অন্যান্য অতিথিরা।

আয়োজকদের সূত্রে জানা যায়, এই কর্মসূচির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের ৪০ জন শিক্ষার্থী গণিত বিষয়ে ‘কুমন’ পদ্ধতিতে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছে। জাপানে উদ্ভাবিত এই শিক্ষা পদ্ধতি বিশ্বের ৬০টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে এবং শিশুদের আত্মশিক্ষা, মনোযোগ বৃদ্ধি ও সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নে সহায়ক হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।