রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) ডাকে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। সংগঠনের এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে আজ সোমবার (১১ মে) ভোর থেকে এ কর্মসূচি শুরু হয়।

এদিন সকাল থেকে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং, উজোবাজারসহ বিভিন্ন স্থানে সড়কে বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন ইউপিডিএফ সদস্যরা। এ সময় কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিংও করা হয়। এর ফলে সাজেক–দীঘিনালা এবং দীঘিনালা–বাঘাইছড়ি সড়কে যান চলাচল ব্যাহত হয়।

সাজেক পর্যটনকেন্দ্রের খোয়াল বুক রিসোর্টের ব্যবস্থাপক সমীরণ চাকমা জানান, প্রতিদিন সকাল ১০টায় বাঘাইহাট থেকে সাজেক এবং সাজেক থেকে বাঘাইহাটের উদ্দেশে পর্যটকবাহী যানবাহন চলাচল করে। তবে অবরোধের কারণে নির্ধারিত সময়ে যান চলাচল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন পর্যটকেরা।

এর আগে, গত শনিবার সাজেকের শুকনাছড়া এলাকায় ইউপিডিএফ-প্রসীত গ্রুপের সদস্য হেগেরা চাকমাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ইউপিডিএফ-প্রসীতের দাবি, ইউপিডিএফ-গণতান্ত্রিকের সদস্যরা জড়িত।

ইউপিডিএফ-প্রসীতের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘হত্যাকাণ্ডের বিচার এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে এ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ-গণতান্ত্রিকের সংগঠক অমর জ্যোতি চাকমা। তিনি বলেন, ঘটনাস্থলে তাঁদের দলের কোনো কার্যক্রম নেই এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তিনি বলেন, ‘অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’