বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মাদক পাচারের সময় প্রায় ৩০ হাজার ইয়াবাসহ ৯ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৩ মে) বিকেলে নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ি সীমান্ত পিলার ৪৭/১-এস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. আব্দুর রফিক (৩০), নুর মোহাম্মদ (২৮), মো. শহিদুল আমীন (১৯), মো. নুর মোহাম্মদ (৩০), মো. ইকবাল হোসেন (৩০), মো. খালেক হোসেন (৩৩), মো. আহসান হাবিব (২৪), মো. আরব (২০) এবং মো. হাসোন আলী (২৬)। তারা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।
নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির জানান, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৪৭/১-এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়।
এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনটি প্যাকেট ফেলে পালানোর চেষ্টা করে। পরে সেখান থেকে প্রায় ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গাদের মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। তিনি বলেন, তারা মিয়ানমার থেকে পাচার হওয়া ইয়াবা সংগ্রহের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় এসেছিল।
উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।
লে. কর্নেল ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।


