পার্বত্য চট্টগ্রামভিত্তিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির (জেএসএস) বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ তুলেছে।
সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, গত ২৪ মে ২০২৬ মিজোরামের সায়রাং এলাকা থেকে সাজেক ইউনিয়নের বাসিন্দা আপন চাকমা (৩০), মহাত্মা গান্ধী চাকমা (৪২) ও নিহার রঞ্জন চাকমাকে (৫৫) আটকের ঘটনাকে কেন্দ্র করে যে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করা হয়েছে, তা ‘সম্পূর্ণ সাজানো’ এবং জেএসএসের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
ইউপিডিএফের অভিযোগ, জেএসএস নিজেদের ১,৭৯৯ রাউন্ড ৭.৬২ এমএম গোলাবারুদ, দুটি একে-৪৭ রাইফেল ও ম্যাগাজিন গোপনে রেখে ওই তিন ব্যক্তিকে মিজোরামের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিয়েছে। একই সঙ্গে সংগঠনটি দাবি করেছে, জেএসএসের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে, যার লক্ষ্য ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুণ্ন করা।
বিবৃতিতে আরও বলা হয়, আইন-শৃঙ্খলা বাহিনী তাদের নিয়মিত দায়িত্ব পালন করছে, তবে ‘নিরীহ মানুষকে ফাঁসিয়ে’ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা সফল হবে না। ইউপিডিএফ দাবি করে, এ ধরনের কর্মকাণ্ড পার্বত্য চট্টগ্রামের চলমান অধিকার আদায়ের আন্দোলনকে বিভ্রান্ত করতে পারবে না।


