ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। আগামী সোমবার (১১ মে) দীঘিনালা-বাঘাইছড়ি-সাজেক সড়কে আধাবেলা অবরোধ পালন করা হবে বলে জানিয়েছে ইউপিডিএফ।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, নিজ দলের কর্মী হত্যার প্রতিবাদে সাজেকগামী গুরুত্বপূর্ণ এই সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এর আগে, শনিবার (৯ মে) ভোরে রাঙ্গামাটি জেলার সাজেক ও দীঘিনালা সীমান্তবর্তী মারিশ্যা-দীঘিনালা সড়কের দুর্গম শুকনাছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপিডিএফ কর্মী হেগেরা চাকমা। তিনি ইউপিডিএফের (প্রসীত) শুকনাছড়ি এলাকার কালেক্টর হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে শুকনাছড়া এলাকায় কয়েকজন অস্ত্রধারী অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে হেগেরা চাকমা পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। খবর পেয়ে সাজেক থানার আওতাধীন ১০ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লাগছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।’
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

