খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় নিরাপত্তা বাহিনীর একটি সফল অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র এবং চাঁদা আদায়ের রশিদসহ আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (মূল) দলের তিনজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার (১ জুন) আনুমানিক রাত ২টার দিকে মহালছড়ি সেনা জোনের আওতাধীন পঙ্খীমুড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি তাজা গুলি, বেশ কিছু দেশীয় অস্ত্র, তিনটি মোবাইল ফোন এবং চাঁদা আদায়ের রশিদ বই (টোকেন) উদ্ধার করা হয়।
মহালছড়ি সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. আল-জাবির আসিফ বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে মহালছড়ি–সিন্দুকছড়ি সড়কের পঙ্খীমুড়া এলাকায় ইউপিডিএফ (মূল) সদস্যরা সাধারণ মানুষ, যানবাহন ও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চাঁদা আদায়ের সময় তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, ‘এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজি বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
এদিকে ইউপিডিএফ (মূল) সদস্যদের আটকের খবরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে তারা সশস্ত্র চক্রটির চাঁদাবাজির কারণে ভোগান্তির মধ্যে ছিলেন। এই সফল অভিযানের ফলে তারা বড় ধরনের হয়রানি, আর্থিক ক্ষতি ও চরম আতঙ্ক থেকে মুক্তি পেলেন।
আটককৃত তিনজনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


