খাগড়াছড়ির রামগড় উপজেলা এলাকায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের জানিয়েছে, আটক ব্যক্তিরা ইউপিডিএফের সদস্য।
শনিবার (১৬ মে) দুপুরে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনী ও রামগড় থানার পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন সুইথোয়াই মারমা (৩৫), রনেল চাকমা (২৮) ও রাজু মারমা ওরফে সাচিং (১৯)। এদের মধ্যে সুইথোয়াই মারমা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানের সময় সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে যৌথবাহিনী পাল্টা গুলিবর্ষণ করলে অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় সুইথোয়াই মারমাকে এবং রনেল চাকমা ও রাজু মারমাকে আটক করা হয়।
আটক রনেল চাকমার কাছ থেকে একটি একে-২২ রাইফেল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওবাইন জানান, আটক রনেল চাকমা ইউপিডিএফের কালেক্টর এবং অপর দুজন সংগঠনটির সদস্য। তারা রামগড় ও গুইমারার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
গুলিবিদ্ধ সুইথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে।
রামগড় থানার ওসি মো. নাজির আলম বলেন, অস্ত্রসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


