মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব মাহা সাংগ্রাই পোয়েঃ (জলকেলি উৎসব) উপলক্ষে বান্দরবানে শুরু হয়েছে উৎসবের আমেজ। গ্রাম থেকে শহর সবখানেই চলছে ব্যাপক প্রস্তুতি, তৈরি হয়েছে আনন্দমুখর পরিবেশ।
নতুন বছরকে স্বাগত জানাতে জলকেলির মাধ্যমে পুরনো বছরের গ্লানি মুছে ফেলার প্রতীকী আয়োজনই এই উৎসবের মূল আকর্ষণ। তবে আয়োজন কমিটির পুরনো-নতুন নেতৃত্ব নিয়ে কিছুটা দ্বন্দ্ব থাকায় প্রস্তুতিতে ধীরগতি দেখা গেলেও প্রশাসনের আশ্বাসে উৎসব সুষ্ঠুভাবে আয়োজনের প্রত্যাশা করছেন আয়োজকরা।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উৎসব ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকের পুলিশ, বডি ক্যামেরা ও ড্রোন নজরদারির মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
মারমা সম্প্রদায়ের মতে, সাংগ্রাই এখন শুধু তাদের নিজস্ব উৎসব নয়, বরং বান্দরবানের সার্বজনীন সম্প্রীতির উৎসবে পরিণত হয়েছে। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এতে অংশ নিয়ে মিলনমেলায় রূপ দেয় পুরো অঞ্চলকে।
আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে জলকেলি উৎসব। এ সময় শোভাযাত্রা, নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা প্রস্তুত, বৌদ্ধ বিহারে পূজা ও সাঙ্গু নদীতে নানা আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।


