খাগড়াছড়ির পানছড়ির মোল্লাপাড়া এলাকায় অবসরে যাওয়া এক ইমামকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী ও যুবসমাজ। শনিবার (১ নভেম্বর) সকালে শহীদ ইকবাল জামে মসজিদ প্রাঙ্গণে মাওলানা তাওহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন তিনি। পারিবারিক কারণে স্বেচ্ছায় অবসর নিলে স্থানীয়রা ব্যতিক্রমধর্মী এই আয়োজনে অংশ নেন।

সংবর্ধনা শেষে মোটরসাইকেল শোভাযাত্রা ও ফুলে সাজানো গাড়িতে করে তাকে খাগড়াছড়ি থেকে নিজ বাড়ি চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. মহিউদ্দিন মহিন বলেন, ইমাম সাহেব শুধু নামাজ পরিচালনা করেননি, সমাজের দিকনির্দেশক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদান আমাদের জন্য অনুকরণীয়।

বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুত কণ্ঠে মাওলানা তাওহিদুল ইসলাম বলেন, আপনাদের ভালোবাসা আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন- যেন সারাজীবন দ্বীনের খেদমতে থাকতে পারি।

অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মো. আবছার, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মো. রনি আব্দুল কাদেরসহ বিপুলসংখ্যক মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।