খাগড়াছড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অপহৃত এক শিশু উদ্ধার হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে পানছড়ি উপজেলার মোল্লাপাড়া সেতুসংলগ্ন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া শিশুর নাম আল রাফি (১১)। সে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শনিবার দুপুরে তাকে অপহরণ করা হয়েছিল।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন খাগড়াছড়ি সদরের মোহাম্মদপুর এলাকার বাদশা মিয়া (২৮) ও পানছড়ির ইটখোলা এলাকার কামরুল হাসান (২৩)। অপহরণের সঙ্গে মালেক মিয়া নামের আরও একজন জড়িত বলে জানা গেছে। তবে তিনি পলাতক।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, শিশুটিকে উদ্ধারে যৌথ বাহিনী বিকেলেই অভিযান শুরু করে। পানছড়ি সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে সেনা সদস্যরা এতে অংশ নেন। প্রথমে বাদশা মিয়াকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাতেন মৃধা বলেন, শিশুটির মামা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
-পার্বত্য সময়


