খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের হাতিমারা এলাকায় চাকমা সম্প্রদায়ের একটি বিয়ের অনুষ্ঠান থেকে ৩ জনকে অপহরণ করা হয়েছে। এ সময় আরও কয়েকজন ব্যক্তিকে বেদম মারধর ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় পাহাড়ের জনসংহতি সমিতি (জেএসএস) প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছে।
জেএসএস'র মুখপাত্রে জানানো হয়, শনিবার (১৪ ডিসেম্বর) পানছড়ির হাতিমারা এলাকার বাসিন্দা শঙ্কুমুনি চাকমার পুত্র রিপন চাকমার সাথে রূপসেন পাড়া গ্রামের বাসিন্দা টিবিরে (ডাকনাম) চাকমার কন্যা অলোকা চাকমার বিবাহ অনুষ্ঠান হাতিমারা এলাকায় বরের বাড়িতে অনুষ্ঠিত হয়। এসময় পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি দল হঠাৎ হানা দিয়ে ৩ জনকে অপহরণ, ৬-৭ জনকে মারধর ও ৫০-৬০ জনের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।
জেএসএস'র দাবি, ওইদিন বিকাল আনুমানিক ৩:৩০ টার দিকে বিয়ে অনুষ্ঠান শেষের দিকে ইউপিডিএফের সশস্ত্র দলের কমান্ডার পবিত্র চাকমা, সুমেন চাকমা ও নিকোলাস চাকমার নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ বিয়ে অনুষ্ঠানে আবির্ভূত হয় এবং বিয়ে বাড়িসহ উপস্থিত লোকজনকে ঘেরাও করে। এরপর ইউপিডিএফ সশস্ত্র সদস্যরা বিয়ে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও গ্রামের ৫০-৬০ জনের মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর ইউপিডিএফ সন্ত্রাসীরা বিয়ে বাড়িতে আগত তিন গ্রামবাসীকে ধরে ব্যাপক মারধর করে এবং বেঁধে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের শিকার হয়েছেন রূপসেন পাড়ার ললিত রঞ্জন চাকমার ছেলে উদয়ন চাকমা ওরফে ছক্কা পেদা (৪৫), উত্তর ধুদুকছড়া গ্রামের রিমেন চাকমা (৪৫) এবং টিগিনি চাকমা ওরফে অর্ক বাপ (২৮)। অপহৃত ব্যক্তিরা সকলেই পেশায় দিনমজুর বলে জানা গেছে। অপহরণের সময় ইউপিডিএফ সদস্যরা অপহৃতদের মেরে ফেলা হবে হুমকি দিয়ে নিয়ে যায়। স্থান ত্যাগ করার সময় ইউপিডিএফ সন্ত্রাসীরা ৪/৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে বলে জানা যায়।
এ বিষয়ে কথা বলার জন্য ইউপিডিএফ নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের থেকে সাড়া পাওয়া যায়নি।
- -পার্বত্য সময়


