রাঙামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানান অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় বিভিন্ন দাপ্তরিক নথি পর্যালোচনা করা হয় এবং প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় আইমাছড়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়; কোন কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত ছিলেন না। এছাড়া ভূষণছড়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রেও অনিয়মের প্রাথমিক প্রমাণ মেলে।

সূত্র জানায়, সরকারি কর্মকর্তাদের নিয়মিত অফিসে অনুপস্থিত থাকা, ওষুধ সরবরাহে অনিয়ম এবং স্বাস্থ্যসেবা থেকে স্থানীয়দের বঞ্চিত করার অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।

দুদকের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেন বলেন, অভিযানে অভিযোগের সত্যতা মিলেছে। একটি পরিবার কল্যাণ কেন্দ্র বন্ধ অবস্থায় পাওয়া গেছে। প্রাপ্ত নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।