খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৭ আগস্ট) সকালে রাঙ্গামাটি অঞ্চলের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম এ অভিযান চালায়।
অভিযোগ রয়েছে- কৃষি বীজ বিতরণে নয়ছয়, কর্মশালার অর্থ আত্মসাৎ, প্রায় চার কোটি টাকার কৃষি সরঞ্জাম বিতরণ প্রকল্পে অনিয়ম ও ধান কাটার মেশিন বিতরণে গরমিল।
দুদক কর্মকর্তারা জানান, হটলাইন ১০৬-এ প্রাপ্ত অভিযোগের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে প্রায় ৩৯ লাখ টাকার ধান কাটার মেশিনের কোনো হদিস পাওয়া যায়নি। সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করা হয়েছে এবং তদন্ত শেষে প্রতিবেদন কমিশনের কাছে জমা দেওয়া হবে।
তদন্তে উঠে এসেছে, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. বাছিরল আলমকে ২০২৪ সালের এপ্রিলে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে ভারপ্রাপ্ত উপপরিচালক হিসেবে নিয়োগ দেন। এরপর থেকেই অধিদফতরটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়। তার দায়িত্বকালীন সময়ে প্রায় দেড় কোটি টাকার হাইব্রিড সবজি বীজ বিতরণেও ব্যাপক অনিয়মের প্রমাণ মিলেছে।
স্থানীয় কৃষকরা বলছেন, এই দুর্নীতির কারণে প্রান্তিক কৃষকরা প্রকৃত সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
-পার্বত্য সময়


