রাঙামাটি জেলা পরিষদে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ কার্যালয়ে এ অভিযান চালানো হয়।
অভিযোগ রয়েছে— টেন্ডার বাণিজ্য, পদায়নে ঘুষ গ্রহণ, বিভিন্ন প্রকল্পে অনিয়ম এবং কর্মকর্তাদের অনুপস্থিতিসহ নানা অনিয়মে জড়িয়ে পড়েছে জেলা পরিষদ। এসব অভিযোগের ভিত্তিতেই এ অভিযান চালানো হয় বলে দুদক জানিয়েছে।
দুদকের রাঙামাটি কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে দলটি অভিযান চালায়। তবে অভিযানের সময় জেলা পরিষদের চেয়ারম্যান এবং মুখ্য নির্বাহী প্রকৌশলী কেউই কার্যালয়ে উপস্থিত ছিলেন না।
জেলা পরিষদের একাধিক কর্মকর্তা জানান, গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কাজে ঢাকায় অবস্থান করছেন।
দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম বলেন, ঢাকা থেকে প্রাপ্ত নির্দেশনার ভিত্তিতে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান চালিয়েছি। জেলা পরিষদ থেকে কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এগুলো যাচাই-বাছাইয়ের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
অভিযানে দুদকের সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন, উপসহকারী পরিচালক সারোয়ার হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-পার্বত্য সময়