বান্দরবানের থানচি উপজেলায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আনিছুর রহমান সুজনের মালিকানাধীন একটি ড্রাম চিমনি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভাটার মালিকপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার হেডম্যান পাড়া এলাকায় অবস্থিত ‘মেসার্স এসবিএম ব্রিকস’ নামের ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন থানচির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও অংশ নেন।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল জানান, দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ইটভাটাটি পরিচালিত হয়ে আসছিল। পলাতক আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান সুজন জেলার বাইরে অবস্থান করলেও প্রভাব খাটিয়ে স্বজনদের মাধ্যমে ভাটাটি পরিচালনা করছিলেন।
তিনি বলেন, ইটভাটাটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই স্থাপন করা হয়েছিল, যার ফলে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছিলেন। পাশাপাশি ভাটার কার্যক্রমে এলাকার গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং পাশ দিয়ে প্রবাহিত ঝিরির স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল।
ইউএনও আরও বলেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ অবৈধভাবে ইটভাটা স্থাপন বা পরিচালনার চেষ্টা করলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


