পার্বত্য চট্টগ্রামের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আপনাদের মানুষের কল্যাণে কাজ করতে হবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর বেইলী রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স সেমিনার হলে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য 'পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা' বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ কথা বলেন।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, আপনাদের কর্ম অনুযায়ী আপনারা নির্বাচিত হয়েছেন। জেলা পরিষদের সার্বিক উন্নয়ন আপনাদের হাতে। আপনারা জানেন, কোথায় কীভাবে কাজ করলে এই সমাজ উন্নতি হবে, সঠিক কাজটি বিধিসম্মতভাবে আপনারা করবেন।
এ সময় সুপ্রদীপ চাকমা সবাইকে সুসংহত হওয়ার পরামর্শ দেন।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, সরকারের হ্যান্ডওভারকৃত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনার জন্য এই তিনদিনের প্রশিক্ষণের মাধ্যমে পার্বত্য তিন জেলার জন্য প্রযোজ্য বিভিন্ন আইন, টেকসই উন্নয়ন, জেলার উন্নয়ন কৌশল এবং পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনার দিক নির্দেশনা সম্পর্কে ধারণা পাবেন আপনারা। হয়তোবা টিআর, জিআর ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে। উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন কীভাবে হবে তা আপনাদের ভাবতে হবে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য শিক্ষা পদ্ধতির মান উন্নয়ন, লাইভলিহুড ডেভেলপমেন্ট, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন, পানির সমস্যা দুর করার মতো চ্যালেঞ্জগুলো আপনাদের নিতে হবে।
- -পার্বত্য সময়


