পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাস্তবায়নাধীন সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন সরকারের দুই উপদেষ্টা।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ ফাওজুল কবির খান সফরসঙ্গীসহ ঢাকা থেকে আর্মি এভিয়েশনের একটি হেলিকপ্টারে করে আলীকদম উপজেলার মেনদনপাড়া আর্মি ক্যাম্পে পৌঁছান।

এ সময় ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক কর্নেল তানিম শাহরিয়ার এএফডব্লিউসি, পিএসসি উপদেষ্টাদ্বয়কে অভ্যর্থনা জানান। পরে তারা সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন।

পরিদর্শনকালে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড (চট্টগ্রাম) এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামছুল আলম এনডিসি, পিএসসি, প্রকল্প পরিচালক কর্নেল তানিম শাহরিয়ার এবং স্টাফ অফিসার–১ (পরিকল্পনা) লেফটেন্যান্ট কর্নেল আবু খালেদ আল-মামুন পিএসসি-সহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।

পরিদর্শন শেষে উপদেষ্টারা বলেন, সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলের দুর্গম জনগোষ্ঠীর সঙ্গে দেশের মূল যোগাযোগ ব্যবস্থার সংযোগ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে এই প্রকল্প উন্নয়ন, নিরাপত্তা ও আস্থার সেতুবন্ধন হিসেবে কাজ করবে। তারা নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।