বান্দরবানের আলীকদম উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মিয়ানমারের ২০ নাগরিক আটক হয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাস টার্মিনাল এলাকায় মাতামুহুরী পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি দল কক্সবাজারের চকরিয়াগামী লোকাল বাস মাতামুহুরী পরিবহনে অভিযান চালায়। এসময় শিশুসহ ২০ জনকে আটক করা হয়, যাদের সবাই মিয়ানমারের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।
আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদি জানান, যাচাই-বাছাই শেষে রাতেই আটককৃতদের বান্দরবানের পৌয়ামুহুরী সীমান্ত দিয়ে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে।
-পার্বত্য সময়


