খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভুল চিকিৎসার কারণে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে তার স্বজনদের পক্ষ থেকে। যদিও হাসপাতালের চিকিৎসকরা তৎকালীন চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা ত্রুটি হয়নি দাবি করেছেন। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা ফারিয়া সুলতানা গত ৬ আগস্ট সকালে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি হন। প্রসূতি রোগীর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জয়া চাকমা তাকে হাসপাতালে ভর্তি করেন এবং পরবর্তীতে ডাক্তার নাদিয়া সুলতানা তার সিজার সম্পন্ন করেন।
সিজারের পর ফারিয়ার পেটে ফোলা দেখা দেয় এবং রক্তচাপ বেড়ে যাওয়ায় তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। রাতেই ফারিয়াকে চট্টগ্রাম মেডিক্যালে নেওয়া হয়, কিন্তু ৭ আগস্ট তিনি মারা যান।
মৃত্যুর পর স্বজনরা অভিযোগ করেন, চিকিৎসকদের অবহেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে হাসপাতালের চিকিৎসকরা তাদের বিরুদ্ধে থাকা সব অভিযোগ অস্বীকার করেছেন।
খাগড়াছড়ি আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পি জানিয়েছেন, ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
-পার্বত্য সময়


