নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পাহাড়ি জেলা বান্দরবানে চলছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবারের দুর্গাপূজায় তিথি পরিবর্তনের কারণে আজ নবমী আর দশমী একদিনে পালন করছে সনাতনী সমাজ।
শনিবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি পার্বত্য সময়কে নিশ্চিত করেছেন বান্দরবান জেলা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব।
পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, বান্দরবান পার্বত্য জেলায় এবার ৩২টি পূজামন্ডপে চলছে সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা। রোববার (১৩ অক্টোবর) সকালে পুস্পাঞ্জলি শেষে দেবী দুর্গার প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় এই উৎসবের।
এদিকে, নবমী আর দশমীর কারণে সকাল থেকে উপবাস রেখে দেবী দুর্গাকে পূজা করতে সকাল থেকে বান্দরবানের কেন্দ্রীয় দুর্গা মন্দির, বালাঘাটা, কালাঘাটা, হাফেজঘোনা, মেম্বার পাড়াসহ বিভিন্ন পূজামন্ডপে জড়ো হয়েছে সনাতনী ভক্তরা। এ সময় পুস্পাঞ্জলী গ্রহণ করে সনাতনী নারী ও পুরুষেরা পৃথিবীতে সুখ ও শান্তি কামনা করেন তারা।
বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে বান্দরবান জেলার ৩২টি পূজামন্ডপে পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা চলছে বলে জানান তিনি।
- -মোহাম্মদ আবদুর রহিম,বান্দরবান


