খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা কিশোরী দলবদ্ধ ধর্ষণ মামলা ৩ নং আসামী রিমন ত্রিপুরা (২২)কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বেলছড়ির অযোদ্ধা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম।
তিনি জানান, সিএনজি চালিত অটোরিক্সা যোগে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। রিমন গোমতি উদয় কুমারপাড়া এলাকার হেয়াসা ত্রিপুরার ছেলে।
এর আগে এ ঘটনায় অভিযুক্ত রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবু (১৭) নামের দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে অভিযুক্ত সুমন বিকাশ ত্রিপুরা (১৮) এখনও পলাতক রয়েছে বলে জানা গেছে।
তৌফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীকে ধর্ষণের আলামত নিরুপনে খাগড়াছড়ি সদর হাসপাতালে এবং আটককৃতদের বিধি মোতাবেক আদলতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য যে, গত ২০ অক্টোবর উপজেলার অযোদ্ধা এলাকায় এক কালি মন্দিরে তার আত্মীয়ের সাথে পূজা দেখতে গেলে স্ব-জাতির যুবক দ্বারা জোরপূর্বক গণধর্ষণের শিকার হয়। জানাজানি হলে পরে স্থানীয়ভাবে বিষয়টি আপোষ-মীমাংসার চেষ্টা করে তা ব্যর্থ হলে ২২ অক্টোবর ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ৪ জন ত্রিপুরা যুবকের নামে মাটিরাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।


