বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে সন্ত্রাসীদের হঠাৎ হামলায় শনিবার (১৭ মে) রাত ৯টা ৪০ মিনিটের দিকে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সশস্ত্র একদল পাহাড়ের সন্ত্রাসী অতর্কিতে বাজারে ঢুকে সাধারণ মানুষের ওপর লাঠিচার্জ শুরু করে এবং পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে, ফলে চারপাশে ভয়াবহ বিশৃঙ্খলা ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
হামলার সময় বাজারে ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক দৌড়ঝাঁপ ও হুলস্থুল পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা বাজারজুড়ে উচ্চস্বরে চিৎকার করতে থাকে এবং নিরীহ মানুষদের উপর লাঠিচার্জ করে আতঙ্ক ছড়ায়।
বাজারের একাধিক ব্যবসায়ী জানান, চলে যাওয়ার আগে তারা প্রকাশ্যেই হুমকি দিয়ে বলে, “যাদের চিঠি দেওয়া হয়েছে, তারা টাকা পৌঁছে দিবে। না হলে খবর আছে। এইটাই শেষ ওয়ার্নিং।”
স্থানীয়দের ভাষ্যমতে, সন্ত্রাসীদের হাতে ছিল উন্নতমানের আধুনিক আগ্নেয়াস্ত্র, এবং তারা অত্যন্ত পরিকল্পিত ও সংগঠিতভাবে হামলায় অংশ নেয়। প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করতে না পারলেও, হামলাকারীদের মধ্যে কমপক্ষে ৮-১০ জনকে সরাসরি বাজার এলাকায় দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বাজারের আশপাশেও আরও কয়েকজন অবস্থান করছিল।
সন্ত্রাসীরা বাজারে প্রবেশ করে লুলাইং রাস্তা দিয়ে পূর্ব দিক থেকে আসে বলে জানা গেছে।
এই হঠাৎ সন্ত্রাসী হামলায় বাজার ও পার্শ্ববর্তী এলাকার মানুষজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একজন প্রবীণ ব্যবসায়ী বলেন, “এভাবে রাতের বেলা সন্ত্রাসীরা বাজারে ঢুকে গুলি করবে, এটা আমাদের কল্পনার বাইরে। এখন রাতে ঘুমাতেও ভয় লাগছে। কাল সকালে দোকান বন্ধ করে দেওয়ার কথা ভাবছি।”
এলাকাবাসীরা অবিলম্বে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

-পার্বত্য সময়