পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার সীমান্তবর্তী রুমা উপজেলা থেকে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর ভয়ে মিজোরামসহ ভারতের বিভিন্ন স্থানে পালিয়ে যাওয়া বম সম্প্রদায়ের সদস্যদের নিজ বসতভিটায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
আজ (২ জুন) বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, পিএসসি এই আহ্বান জানান।
তিনি বলেন, “ইতোমধ্যে সীমান্তের ওপার থেকে দুই শতাধিক বম পরিবার তাদের নিজ ঘরে ফিরে এসেছে এবং তারা এখন নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করছে। সেনাবাহিনী তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে।”
তিনি আরও বলেন, “আমরা পার্বত্য এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যায় বরদাশত করছি না। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন ও রাহাজানির বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
সেনা কমান্ডার সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, তারা যেন অতীতের মতোই সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের জিএস-টু মেজর পারভেজ রহমান, মেজর ইরফান, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি নাসিরুল আলম, সাধারণ সম্পাদক এন এ জাকির এবং সিনিয়র সাংবাদিক অধ্যাপক মো. সাদাত উল্লাহসহ বান্দরবানে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, গত এক বছরে বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলা থেকে কেএনএফ-এর সশস্ত্র তৎপরতা ও সহিংসতার কারণে অনেক বম পরিবারের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার পর সম্প্রতি তাদের একটি বড় অংশ ফিরতে শুরু করেছে।
-পার্বত্য সময়


