সেনাবাহিনী প্রধান শনিবার (২৯ মার্চ) পার্বত্য চট্টগ্রামে অবস্থিত একটি সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ক্যাম্পে কর্মরত সকল সেনা সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের মনোবল ও কর্মতৎপরতা অক্ষুণ্ণ রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় সেনাবাহিনী প্রধান দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য সেনাসদস্যদের নির্দেশ দেন।
ক্যাম্প পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান বান্দরবান এর অন্তর্গত একটি জোন সদর পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন এবং পার্বত্য এলাকায় উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান সকল সেনা সদস্যকে তাদের বর্তমান কর্মকাণ্ড ও সাহসিকতার জন্য ধন্যবাদ জানান এবং আসন্ন ঈদের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন।
-পার্বত্য সময়


