খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিনের পানি সংকট দূর করতে মানবিক উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। সেনাপ্রধানের বিশেষ উপহার হিসেবে এবার সুপেয় পানির সুবিধা পাচ্ছেন পানছড়ি উপজেলার রেজা মনিপাড়া ও কারিগর পাড়ার ১১৭ পরিবার।
বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে ‘সোলার প্যানেলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রকল্প’ উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাছান মাহমুদ।
এ সময় তিনি বলেন, সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শুধু নিরাপত্তাই নিশ্চিত করছে না, পাশাপাশি পাহাড়ে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। সেনাপ্রধানের নির্দেশনায় এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এর আগে গত ২৯ মার্চ সেনাপ্রধান খাগড়াছড়ি জোনের আওতাধীন রেজামনিপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনকালে স্থানীয় কারবারি ও প্রাক্তন জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তখন তিনি স্থানীয় জনগণের অন্যতম প্রধান সমস্যা হিসেবে সুপেয় পানির সংকটের বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিনসহ জেলা পরিষদের সদস্য এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এ প্রকল্পের মাধ্যমে বহু বছরের ভোগান্তি দূর হলো। এখন থেকে প্রতিদিন নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারবেন তারা।
-পার্বত্য সময়


