খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের অংশ হিসেবে সেনা টহল দল ইউপিডিএফ (প্রসীত) এর এক সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় পাড়াতে অবস্থানরত ১৫ থেকে ২০ জন সশস্ত্র সদস্য সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়, ফলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।
পরে তল্লাশিতে ওই এলাকা থেকে একটি রাশিয়ান পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, আট রাউন্ড পিস্তলের গুলি, একটি ওয়াকিটকি সেট, ইউনিফর্মসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে দুর্গম এলাকার সুযোগে ইউপিডিএফ সদস্যরা পালিয়ে যায়।
আইএসপিআর জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর কঠোর অভিযান অব্যাহত থাকবে।

-সূত্র: বাসস