খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ২১ দিনব্যাপী স্বাস্থ্য প্রশিক্ষণ শেষে ৩৮ জন নারীকে সনদপত্র দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়। গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আশরাফুল কবির। বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা এবং পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর তানভীর।
প্রধান অতিথির বক্তব্যে মেজর মো. আশরাফুল কবির বলেন, পার্বত্য এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মা ও শিশুমৃত্যুর হার কমাতে এ ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। গর্ভকালীন পরিচর্যা ও প্রাথমিক চিকিৎসার সঠিক জ্ঞান থাকলে পরিবার ও সমাজ পর্যায়ে অনেক ঝুঁকি এড়ানো সম্ভব।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নেও কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি ডা. অনুতোষ চাকমা বলেন, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সঠিক তথ্যের বিস্তার এবং প্রাথমিক চিকিৎসায় দক্ষতা অর্জন জরুরি। প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান নিজ নিজ এলাকায় ছড়িয়ে দিলে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার চিত্র আরও ইতিবাচক হবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ৩৮ জন অংশগ্রহণকারীর হাতে সমাপনী সনদপত্র তুলে দেওয়া হয়। স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের নারীরা এ ধরনের জীবনরক্ষাকারী প্রশিক্ষণ আয়োজনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও খাগড়াছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


