বান্দরবানের রোয়াংছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ি সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-মূল) এর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হ্লামংনু মার্মা নামে জেএসএসের এক সশস্ত্র সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার এলাকায় এই ঘটনা ঘটে। অভিযানের পর ঘটনাস্থল থেকে একটি সাবমেশিনগানসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ও স্থানীয় সূত্র জানায়, অবৈধ চাঁদা আদায়ের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দল অভিযান চালায়। সেনাদের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। পরে তল্লাশিতে ইউনিফর্ম পরিহিত অবস্থায় হ্লামংনু মার্মাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোয়াংছড়ি থানার ওসি এম সাকের আহমেদ ও বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।