পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিনামূল্যে ছানি অপারেশন কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন। এ কার্যক্রমের দ্বিতীয় ধাপে আরও ৬১ জন রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে দুর্গম এলাকার এসব অসহায় মানুষের।
গত ১৯ আগস্ট খাগড়াছড়ির পানছড়ি মডেল মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে প্রায় ৬০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। ক্যাম্পেইনে পরীক্ষা-নিরীক্ষার পর ১৫৫ জন রোগীর চোখে ছানি শনাক্ত করা হয়। তাঁদের উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয় খাগড়াছড়ি জোন।
এরই ধারাবাহিকতায় গত ১৯ সেপ্টেম্বর প্রথম ধাপে ৮৪ জন ছানি আক্রান্ত রোগীকে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে ৬৩ জনের চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়।
পরবর্তীতে গত ১৪ নভেম্বর দ্বিতীয় ধাপে আরও ৮০ জন রোগীকে একই হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে ৫৮ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। এ ছাড়া অস্ত্রোপচার সম্পন্ন হওয়া আরও তিনজন রোগী বর্তমানে হাসপাতালে অপারেশন-পরবর্তী চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, শারীরিক বিভিন্ন জটিলতার কারণে বাকি ১৯ জনের তাৎক্ষণিক অস্ত্রোপচার সম্ভব হয়নি। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। শারীরিক জটিলতা কাটিয়ে উঠলে পুনরায় চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠিয়ে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
খাগড়াছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে উন্নত চক্ষু চিকিৎসার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে আর্থিক অসচ্ছলতার কারণে যাঁদের পক্ষে শহরে গিয়ে চোখের চিকিৎসা ও অস্ত্রোপচার করানো সম্ভব নয়, তাঁদের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের এ উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দুর্গম পাহাড়ি জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।


