খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এদিন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার জন্য রাজনৈতিক দলগুলোর অনৈক্যকে দায়ী করেছেন বক্তারা। তাদের অভিযোগ, পাহাড়ের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন করলে সরকারকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করা সম্ভব হতো। তবে দলগুলোর ঐক্যের পথে ইউপিডিএফের (প্রসীতপন্থী) নেতা প্রসীত বিকাশ খীসাকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন তারা।

রোববার (১৫ নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা শহরের মারমা কল্যাণ সংসদ মিলনায়তনে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

‘সত্যের জয় অনিবার্য’ স্লোগানে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা শহরের সূর্যশিখা ক্লাব প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি বর্মা। এ সময় সংগঠনের নিহত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ইউপিডিএফ-গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিংয়ের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক সুলেন চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক বিজয় চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রীতি খীসা।

এছাড়া বক্তব্য দেন ইউপিডিএফ-গণতান্ত্রিকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা, বান্দরবান জেলা সভাপতি উবামং মারমা, সাধারণ সম্পাদক মংসাপ্রু ত্রিপুরা এবং পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

উল্লেখ্য, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে ‘আপোষ চুক্তি’ আখ্যা দিয়ে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ইউপিডিএফ প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে অভ্যন্তরীণ মতবিরোধের জেরে সংগঠনটিতে বিভক্তি দেখা দেয়। এর ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউপিডিএফ-গণতান্ত্রিকের আত্মপ্রকাশ ঘটে।