অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা রাঙামাটি ধীরে ধীরে পর্যটন শিল্পের ব্যাপক প্রসার ঘটছে। পর্যটকদের আকর্ষণ করতে এবং কাপ্তাই হ্রদের সৌন্দর্য অবলোকন করতে এইবার রাঙামাটি পার্কে কাপ্তাই হ্রদের পাশ ঘেঁষে গড়ে তোলা হয়েছে ‘ওয়াচ টাওয়ার’।

ওয়াচ টাওয়ারটি এক পলক দেখতে প্রতিদিন অসংখ্যা পর্যটক ভিড় করছেন। ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে পর্যটকরা গৌধুলী বিকেলে ডুবে যাওয়া সূর্য আর নীলাভ হ্রদের জলের রংখেলি দেখে মনে প্রশান্তি পাচ্ছেন এবং ক্লান্তি দূর করছেন। পাশাপাশি পর্যটকরা পার্কে তাদের কোমলমতি শিশুদের নিয়ে সময় কাটাতে পারছেন ।

‘ওয়াচ টাওয়ার’ দেখতে আসা পর্যটক নাদিয়া শারমিন বলেন, রাঙামাটি রূপে-গুণে বৈচিত্রময়। প্রতি বছর ছুটি নিয়ে রাঙামাটি বেড়াতে আসি স্বামী-সন্তান নিয়ে। এইবার বেড়াতে এসে ভীষণ ভাল লাগছে ওয়াচ টাওয়ারে দাঁিড়য়ে কাপ্তাই হ্রদের সৌন্দর্য দেখতে পেয়ে।

তার স্বামী ব্যবসায়ী জাফর সাদিক বলেন, ঢাকা থেকে প্রতিবার ছুটে আসি এখানে। বিশেষ করে এ অঞ্চল আমার স্ত্রীর ভীষণ প্রিয় জায়গা। ওয়াচ টাওয়াটি আমার মনে প্রশান্তি দিয়েছে।

চট্টগ্রাম থেকে বেড়াতে আসা পর্যটক শফি চৌধুরী বলেন, রাঙামাটি ভীষণ প্রিয়। ওয়াচ টাওয়াটিতে দাঁড়িয়ে কাপ্তাই হ্রদ আর সূর্য ডুবার সৌন্দর্য দেখেছি। সত্যিই মনমুগদ্ধকর দৃশ্য ছিলো।

রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট আনোয়ার আল হক বলেন, রাঙামাটি আমাদের গর্বের জায়গা। বিধাতা প্রাকৃতিক সকল সৌন্দর্য দিয়ে এ অঞ্চল রাঙিয়ে দিয়েছেন। আমাদের সৃজনশীল চিন্তা-চেতনা এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারলে এ জেলা দেশের অন্যতম পর্যটন নগরী হিসেবে আত্মপ্রকাশ ঘটাতে পারবে এবং দেশী-বিদেশী পর্যটকদের পদচারণায় মুখতির হয়ে উঠবে।

এ ওয়াচ টাওয়াটি নির্মাণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।  ২০২৩-২০২৬ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে তিন বছর মেয়াদী এক কোটি ২০ লক্ষ টাকা বাজেট নিয়ে তিনতলা বিশিষ্ট  ওয়াচ টাওয়ার ও ওয়াকওয়ে নির্মাণ কাজ চলমান রয়েছে। ওয়াচ টাউয়াটির দৈর্ঘ্যে ২৭৮ ফুট ও প্রস্থ ৮ফুট। সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হলে ওয়াচ টাওয়ারে পর্যটকরা আরও ভাল ভাবে সময় কাটাতে পারবেন বলে স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ের (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) উন্নয়নে কাজ করে থাকে। এইবার রাঙামাটিতে পর্যটন শিল্পের বিকাশ সমৃদ্ধ করতে কাপ্তাই হ্রদ ঘেঁষে পর্যটকদের বিনোদের জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। রাঙামাটি পার্কে এটি নির্মাণ করায় পর্যটকরা আরও ভাল ভাবে সময় কাটাতে পারবেন এ স্থানে যোগ করেন তিনি।