বান্দরবান পৌরসভার সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে নিয়োগ কার্যক্রম আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬-এর ৩.১ ও ৭.৩ বিধি লঙ্ঘনের অভিযোগে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ছয়জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন আদালত।

সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বান্দরবানের স্থায়ী বাসিন্দা না হয়েও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়ার বাসিন্দা রাশেদুল কবিরকে বান্দরবান পৌরসভার সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগে ভুয়া স্থায়ী বাসিন্দার সনদসহ বিভিন্ন কাগজপত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে রাশেদুল কবির অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র দিয়েই তিনি পৌরসভার নাগরিকত্ব সনদ নিয়েছেন।

মামলার বাদী ও স্থানীয় সার ডিলার হাবীবুর রহমানের দাবি, যাচাই-বাছাইয়ে তিনি প্রথম স্থানে থাকলেও নিয়মবহির্ভূতভাবে রাশেদুল কবিরকে নিয়োগ দেওয়া হয়েছে। এ কারণে তিনি আদালতের শরণাপন্ন হন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু শাহেদ জানান, আদালত নিয়োগের বৈধতা নিয়ে রুল জারির পাশাপাশি বিতর্কিত নিয়োগ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন।

এদিকে আদালতের আদেশের পর বিষয়টি তদন্তে উপজেলা কৃষি কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও পৌরসভার প্রতিনিধির সমন্বয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।