দুর্গম পাহাড়ি অঞ্চল বান্দরবানে অবস্থিত তাজিংডং চূড়ার পাদদেশে বসবাসরত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে তারা মেডিকেল ক্যাম্পিং ও আর্থিক সহায়তা প্রদান করেছে। আর এতে খুশি স্থানীয়রাও।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বান্দরবানের রুমা উপজেলার বাকলাই পাড়া সাবজোনের আওতাধীন শেরকুর পাড়ায় এই কর্মসূচি আয়োজন করা হয়। ৬৩ জন পাহাড়ি বাসিন্দাকে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হয়। সেনাবাহিনীর ‘দ্য ম্যাজেস্টিক টাইগার্স’-এর পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করেন বাকলাই পাড়া সাবজোন কমান্ডার।
স্থানীয় ধর্মযাজক লাল জাই বম বলেন, “এতো দুর্গম এলাকায় দক্ষ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান শুধুমাত্র সেনাবাহিনীর পক্ষেই সম্ভব। আমরা কৃতজ্ঞ।”
পাড়ার কারবারি তুম থন বম বলেন, “আমরা সেনাবাহিনীকে ভালোবাসি। তারা সবসময় আমাদের পাশে থাকুক, এটাই আমাদের চাওয়া। তাদের সহায়তায় আমাদের পরিবারগুলো স্বাভাবিক ও সুস্বাস্থ্য জীবন যাপন করতে পারছে।”
১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিশেষ করে দুর্গম পাহাড়ি অঞ্চলে যেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও চিকিৎসাসেবা পাওয়া কঠিন, সেখানে আমরা এসব সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “আমাদের এই ক্ষুদ্র প্রয়াস স্থানীয়দের মধ্যে একধরনের আত্মবিশ্বাস ও উৎসাহ সৃষ্টি করেছে, যা তাদের স্বাস্থ্য সচেতনতা এবং জীবনের মান উন্নয়নে ভূমিকা রাখবে।”
বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য, জনবৈচিত্র্য এবং সংস্কৃতিকে ঘিরে সেনাবাহিনীর শান্তি, সম্প্রীতি ও উন্নয়নমূলক উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে।

-পার্বত্য সময়