বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর এক কর্মকর্তার মৃত্যুকে কেন্দ্র করে বেশ কয়েকটি অনলাইন গণমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোববার (১ ফেব্রুয়ারি, ২০২৬) রাত ১০টার দিকে রুমা উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান নিহত হয়েছেন। তবে যাচাই করে দেখা গেছে, এটি কোনো সাম্প্রতিক ঘটনা নয়; বরং ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সংঘটিত একটি পুরনো ঘটনার তথ্যকে নতুন ঘটনার মতো উপস্থাপন করা হয়েছে।

২০২২ সালের ৩ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস প্রকাশিত এক প্রতিবেদনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর বরাতে জানানো হয়, বুধবার (২ ফেব্রুয়ারি, ২০২২) বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর একটি টহল দলের সঙ্গে জেএসএসপন্থী সশস্ত্র সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় টহল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন এবং সৈনিক ফিরোজ ডান পায়ে গুলিবিদ্ধ হন।

আইএসপিআরের ওই বিবৃতিতে বলা হয়, জেএসএসপন্থী সন্ত্রাসীদের একটি দল চাঁদাবাজির উদ্দেশ্যে রুমা উপজেলার বথিপাড়া এলাকায় আসতে পারে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাইং খিয়াংলেক আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি নিরাপত্তা টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। ২ ফেব্রুয়ারি, ২০২২ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে টহল দলটি বথিপাড়া এলাকায় পৌঁছালে নিকটবর্তী একটি জুমঘর থেকে সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। পাল্টা অভিযানে সন্ত্রাসীদের মূল দলের তিনজন গুলিবিদ্ধ হওয়ার আলামত পাওয়া যায়। এ সময় পলায়নপর সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান নিহত হন।

ওই অভিযানে সেনাবাহিনী সন্ত্রাসীদের ব্যবহৃত একটি এসএমজি, ২৭৫ রাউন্ড তাজা গুলি, তিনটি অ্যামুনিশন ম্যাগাজিন, তিনটি গাদা বন্দুক, গাদা বন্দুকের পাঁচ রাউন্ড গুলি, চার জোড়া ইউনিফর্ম এবং চাঁদাবাজির নগদ ৫২ হাজার ৯০০ টাকা উদ্ধার করে।

তবে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারির ঘটনা হিসেবে এই একই তথ্য হুবহু ব্যবহার করে আমাদের সময় অনলাইন, ডেইলি ক্যাম্পাস ও পাহাড় বার্তা নামের কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে দাবি করা হয়, রোববার রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের আস্তানায় টহল অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বাস্তবে, এ ধরনের কোনো নতুন ঘটনার বিষয়ে সেনাবাহিনী বা আইএসপিআরের পক্ষ থেকে ২০২৬ সালে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে ২০২২ সালের একটি পুরনো ও নথিভুক্ত ঘটনাকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করা স্পষ্টতই বিভ্রান্তিকর এবং দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতার উদাহরণ। সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর তথ্য যাচাই ছাড়াই পুরনো খবর নতুন করে প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে, যা পেশাদার সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।