বান্দরবানে সেনাবাহিনীর যৌথ অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সন্ত্রাসী নিহত হয়েছে। মঙ্গলবার (৭ মে) রুমা উপজেলার দুর্গম দার্জিলিং পাড়ায় এ অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, সেনাবাহিনীর অভিযানে কেএনএ সন্ত্রাসীদের ব্যবহার করা বাঙ্কার, পর্যবেক্ষণ চৌকি ছাড়াও ৩টি একে-২২ রাইফেল, ১টি শটগান, ৭১ রাউন্ড তাজা অ্যামোনিশন, ১৫৭ রাউন্ড শটগান অ্যামোনিশন, বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, ১টি ড্রোন, ৩টি জুম্মল্যান্ডের পতাকা ও মোবাইল ফোনসহ ওয়াকিটকি উদ্ধার করা হয়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, মরদেহ বর্তমানে সুরতহাল শেষে রুমা থানায় রয়েছে। বুধবার (৮ মে) সকালে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নেওয়া হবে এবং মরদেহের ময়নাতদন্ত করা হবে।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, রুমার দার্জিলিং পাড়া থেকে কেএনএফের এক সদস্যের মরদেহ উদ্ধার করে রুমা সদরে নিয়ে আসা হয়েছে। নিহত কেএনএফ সদস্যের পরিচয় নেমমুন বম।

গত ২ এপ্রিল রুমার সোনালী ব্যাংকে ডাকাতি করে অর্থ লুট ও ম্যানেজারকে অপহরণের একদিন পর থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের দুটি শাখা থেকে সাড়ে ১৭ লাখ টাকা লুট করে অস্ত্রধারীরা। এ কর্মকান্ডে পুলিশের ১০টি এবং আনসার সদস্যের চারটি অস্ত্রও লুট করে সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে দুটি ঘটনায় পাহাড়ে সশস্ত্র সংগঠন কেএনএফ জড়িত।
এরপর থেকে লুট হওয়া অস্ত্র-অর্থ উদ্ধার, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুমা ও থানচিতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের যৌথবাহিনী। এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফের ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
-পার্বত্য সময়

