রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি আস্তানায় অভিযান চালিয়ে একে-৪৭ রাইফেলসহ অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঘাইহাট এলাকার গভীর জঙ্গলে ইউপিডিএফের একটি সশস্ত্র ঘাঁটিতে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। অভিযানের সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এ সময় সন্ত্রাসীদের ব্যবহৃত একে-৪৭ রাইফেলসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
আইএসপিআর জানিয়েছে, ওই এলাকায় এখনো সেনা অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তা রক্ষীদের ভাষ্য অনুযায়ী, এই অভিযান পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।