সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়- বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে কঠোর অবস্থান নিয়ে বলেছেন, পাহাড়ে কোনো সন্ত্রাসী গোষ্ঠী থাকতে পারবে না। সার্বভৌমত্ব রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিওটি নিয়ে স্বাধীন ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিম জানিয়েছে-  অনুসন্ধানে দেখা গেছে, সেনাবাহিনীর মুখপাত্রের এমন মন্তব্য করার কোনো প্রমাণ নেই। গণমাধ্যমসহ নির্ভরযোগ্য কোনো সূত্রেও এ সংক্রান্ত বক্তব্যের সত্যতা মেলেনি।

বরং তদন্তে প্রমাণ মেলে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় একটি স্থিরচিত্র ব্যবহার করে ওই ভিডিওটি তৈরি করা হয়েছে। মেজর জেনারেল হাকিমুজ্জামানের কথার ভঙ্গি ও ঠোঁটের নড়াচড়ায় অসঙ্গতি মিলেছে, যা এআই-নির্ভর ডিপফেক ভিডিওতে সাধারণত দেখা যায়।

ভিডিওটি বিশ্লেষণে ডিপফেক-ও-মিটার প্ল্যাটফর্মের ‘DSP-FWA (2019)’ মডেলে পরীক্ষা করে দেখা যায়—এটি এআই প্রযুক্তিতে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৭৮%।

তদন্তে আরও জানা যায়, ভিডিওটি তৈরিতে ব্যবহৃত ছবিটি গত ১১ অক্টোবর যমুনা টেলিভিশনে প্রকাশিত এক প্রতিবেদনের ফিচার ইমেজ থেকে নেওয়া। ছবিটি সেনাসদরের অফিসার্স মেসে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিষয়ে এক ব্রিফিংয়ের সময় ধারণ করা হয়েছিল। সেদিনের ব্রিফিংয়ে পার্বত্য চট্টগ্রাম বা সন্ত্রাসবাদ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি—এমনটিই নিশ্চিত করে বিভিন্ন প্রতিবেদনের তথ্য।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধান বলছে- সেনা মুখপাত্রকে ব্যবহার করে পাহাড়ি সন্ত্রাসবাদের প্রসঙ্গে বক্তব্য দেওয়ার দাবি ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যা। দেশবিরোধী অপপ্রচার চালাতেই এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি ও প্রচার করা হয়েছে।