খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থী এবং সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সিন্দুকছড়িতে আয়োজিত অনুষ্ঠানে দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া স্থানীয় ক্লাবগুলোকে ফুটবল সরবরাহ করা হয় এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের স্কুলব্যাগ ও স্টেশনারি সামগ্রী দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী। তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানুষের পাশে আছে। শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রেখে একে অপরের সহযোগী হয়ে এগিয়ে যেতে হবে।” তিনি উন্নয়ন ও সামাজিক সহাবস্থানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
স্থানীয়রা এই উদ্যোগকে মানবিক সহায়তার পাশাপাশি পাহাড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে দেখছেন।

