পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও মানবিক উন্নয়নের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ ব্রিগেড, খাগড়াছড়ি সদর জোনের সহযোগিতায় সীমান্তবর্তী পানছড়ি উপজেলার দুর্গম লোগাং এলাকায় ব্যাপক মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে লোগাং উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে আয়োজিত এক বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। একই সঙ্গে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে নগদ আর্থিক সহায়তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার সামগ্রী এবং নারী উদ্যোক্তাদের মাঝে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে ডাকসুর সদস্য হেমা চাকমার পিতা, সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর জোনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সময়ে ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের বুদ্ধময় পাড়ার বাসিন্দা অনুপম চাকমাকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।

এর আগে আয়োজিত আলোচনা সভায় লোগাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয় কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়নসহ জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য জেলার সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।