দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক নির্বাহী প্রকৌশলী ও এক সদস্যসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এ আদেশ দেন।
আসামিরা হলেন—রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ ও বিরল বডুয়া, সাবেক সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় চাকমা, উপসহকারী প্রকৌশলী রিগ্যান চাকমা, সাবেক সদস্য সবির কুমার চাকমা, বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানুনুর রশীদ, ঠিকাদার চিং হেন রাখাইন, মিলন তালুকদার ও অমলেন্দু চাকমা।
মামলার এজাহারে বলা হয়, ২০১৬-১৭ থেকে ২০১৯-২০ অর্থবছরে বরকল উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়। তবে বরাদ্দকৃত অর্থের বিপরীতে কাজ বাস্তবায়ন না করে অনিয়ম ও অর্থ আত্মসাৎ করা হয়।
২০২৩ সালের ৮ জুন দুর্নীতির অভিযোগে নয়জনকে আসামি করে পৃথক চারটি মামলা দায়ের করে দুদক।
দুদকের আইনজীবী জুয়েল দেওয়ান বলেন, “বরকল উপজেলায় জেলা পরিষদের প্রকল্প থেকে ৩২ লাখ ৮৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আদালত তা গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।”
-পার্বত্য সময়