বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) প্রধান আতাউল্লা আবু আম্বার ওরফে জুনুনিকে আদালতে হাজির করা হয়েছে।
সোমবার সকালে তাকে দুটি মামলায় বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালত এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নে আতাউল্লা বলেন, “আরাকানের জমিন আমাদের, আমরাই পাব ইনশাআল্লাহ। রোহিঙ্গারা আরাকানে জমি পাবে।”
এ সময় তিনি বাংলাদেশের মানুষ ও সরকারকে আশ্রয় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান এবং বলেন, “ইউনূস সরকার ভালো।”
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আলমগীর চৌধুরী জানান, আতাউল্লা দুটি মামলায় প্রধান আসামি হিসেবে আদালতে হাজির হন। ডিজিএফআই কর্মকর্তা রিজওয়ান রুশদী হত্যা মামলাটি ২০২২ সালের ১৪ নভেম্বর নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে র্যাব ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানের সময় সংঘটিত হয়।
এ ঘটনায় ২৩ নভেম্বর নাইক্ষ্যংছড়ি থানায় ৬৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এখনো অধিকাংশ আসামি পলাতক বলে জানায় পুলিশ।
-পার্বত্য সময়


