পার্বত্য চট্টগ্রামে আবারও মোবাইল নেটওয়ার্ক অবকাঠামোর ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ মে) চট্টগ্রামের রাউজান ও খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মোবাইল অপারেটর রবি আজিয়াটার টাওয়ারে অগ্নিসংযোগ করেছে তারা। একইদিনে আরও কয়েকটি স্থানে টাওয়ারে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
রবি কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় কোম্পানির ক্ষতি হয়েছে ৫ কোটি টাকার বেশি। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত এলাকায় মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে স্থানীয় জনজীবনে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হয়েছে।
রবি সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় অপারেটরটির অন্তত ৫১টি টাওয়ার নানা ধরনের নাশকতার শিকার হয়েছে। কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, কোথাও কেটে ফেলা হয়েছে ফাইবার অপটিক কেবল। খাগড়াছড়ির কিছু এলাকায় নিরাপত্তাকর্মী ও টাওয়ার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রকৌশলীদের অপহরণের ঘটনাও ঘটেছে। এ ছাড়া রবির বিভিন্ন কর্মকর্তাকে অজ্ঞাত নম্বর থেকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
রাউজান ও মাটিরাঙ্গার টাওয়ারে অগ্নিসংযোগের ঘটনায় সাইট দুটি পুরোপুরি অচল হয়ে গেছে বলে রবি জানিয়েছে। ফলে ওইসব এলাকায় মোবাইল সংযোগ ও ইন্টারনেট সেবার একেবারে পতন ঘটেছে।
টাওয়ার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও হামলার পুনরাবৃত্তির কারণে তারা চরম নিরাপত্তা সংকটে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কিছু টাওয়ার পুনরায় চালু করা সম্ভব হলেও সেগুলোর ওপর পুনরায় হামলার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় গ্রাহক সেবায় চরম ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে রবি। মোবাইল নেটওয়ার্ক না থাকায় দুর্গম এলাকার মানুষ চিকিৎসা, ওষুধ ও জরুরি প্রয়োজনীয় জিনিস সংগ্রহে চরম দুর্ভোগে পড়ছে। ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ কার্যক্রম প্রায় অচল হয়ে গেছে।
এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য রবি সরকারের সংশ্লিষ্ট সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী ও বিটিআরসির সহযোগিতা কামনা করেছে।
-পার্বত্য সময়


