রাঙামাটির কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণ প্রথমবারের মতো দুই দিনব্যাপী অষ্টপরিষ্কার দান ও মহাসংঘদান উৎসবে লাখো ভক্ত ও পুণ্যার্থীর ঢলে মুখর হয়ে ওঠে। তিন পার্বত্য জেলা ছাড়াও দেশের অন্যান্য এলাকা থেকেও হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী এই ধর্মীয় উৎসবে যোগ দেন।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টায় অষ্টপরিষ্কার দান ও মহাসংঘদান অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় পুণ্যার্থীদের বিশেষ পর্ব। এ পর্বের সঞ্চালনায় ছিলেন অষ্টপরিষ্কার দান ও মহাসংঘদান উদযাপন কমিটির সদস্য সচিব থুইশিহ্লা মারমা পলাশ, আর সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক উথোয়াই মং মারমা।

অনুষ্ঠানে প্রধান পুণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য ২৯৯-নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। বিশেষ পুণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য ৩০০-নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিংপ্রু জেরী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচা প্রু মাস্টার, খাগড়াছড়ি জেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি কংচাইরী মাস্টার, রাঙামাটি জেলা মারমা ঐক্য পরিষদের সভাপতি সাজাই মং মারমা, মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি লুসাইমং,বান্দরবান পার্বত্য জেলা উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুমং মারমা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। উৎসবকে ঘিরে চিৎমরম বিহারের আশপাশের পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে।

এর আগে, শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের আয়োজনে দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ছিল পরিচিতি ও আলোচনা সভা, যার সভাপতিত্ব করেন সংগঠনের রাঙামাটি জেলা সভাপতি সাজাই মং মারমা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উথোয়াই মং মারমা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

দুই দিনব্যাপী এই মহতী ধর্মীয় আয়োজনে হাজারো পুণ্যার্থীর সমাগমে চিৎমরম বৌদ্ধ বিহার প্রাঙ্গণ এক অভূতপূর্ব ধর্মীয় মহামিলনমেলায় পরিণত হয়।