পার্বত্য চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নাশকতার চেষ্টা হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি আশ্বস্ত করেছেন—সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কতায় সেই দুষ্কৃতকারীদের সব প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শারদীয় দুর্গাপূজা একটি পবিত্র ধর্মীয় উৎসব। এর ভাবগাম্ভীর্য ও মর্যাদা রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ বা শৃঙ্খলাভঙ্গ যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি বিশেষভাবে পূজামণ্ডপে প্রবেশের ক্ষেত্রে শালীনতা বজায় রাখার আহ্বান জানান এবং জুতা পায়ে মণ্ডপে না উঠতে সকলকে সতর্ক করেন।
পার্বত্য চট্টগ্রামে নাশকতার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, কিছু দুষ্কৃতকারী পূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে না দেওয়ার চেষ্টা করেছিল। তাদের সঙ্গে ফ্যাসিস্ট শক্তির দোসররাও হাত মিলিয়েছিল। তবে সনাতন ধর্মাবলম্বীসহ স্থানীয় জনগণ ও প্রশাসনের সহযোগিতার কারণে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ বছর পূজায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হওয়ায় ভক্তরা স্বস্তিতে ধর্মীয় আচার পালন করছেন।


