দেশের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে জরুরিভিত্তিতে অতিরিক্ত চারটি পদাতিক ব্রিগেড মোতায়েনের দাবি জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।

মঙ্গলবার (৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবি জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি উদ্দেশ্য করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি অবনতির মুখে এবং দ্রুত সিদ্ধান্ত না নিলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

স্ট্যাটাসে আযমী লিখেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা সমীপেষু, স্যার, দেশের অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের বিকল্প নেই। ভারতের গোলাম আওয়ামী লীগ সরকার প্রায় ২০০টির মত ক্যাম্প গুটিয়ে নিয়ে ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের কর্মকাণ্ড বৃদ্ধি করতে সুযোগ করে দিয়েছে- একমাত্র ভারতের স্বার্থে।

তিনি জানান, পার্বত্য অঞ্চলের নিরাপত্তা জোরদার এবং স্বল্পমেয়াদে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বরিশাল, রামু, সিলেট ও কিশোরগঞ্জ থেকে একটি করে মোট চারটি পদাতিক ব্রিগেড ওই অঞ্চলে স্থানান্তর করা যেতে পারে। দীর্ঘমেয়াদি সমাধানের পরিকল্পনা তৈরি করতে সময় লাগবে বলে উল্লেখ করেন তিনি।

আযমীর দাবি, প্রতিটি ব্রিগেড ৫০টি করে সেনা ক্যাম্পের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে পারবে, যা বিদ্যমান নিরাপত্তা শৃঙ্খলাকে শক্তিশালী করবে।

স্ট্যাটাসটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আযমীর অবস্থানকে সমর্থন জানান। অনেকেই এটিকে “সময়োপযোগী ও প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তাব” বলে অভিহিত করেন।