পারিবারিক আর্থিক সংকটের কারণে রাঙামাটির বনরূপা বাজারে ৭ বছর বয়সী অংমাথিং মারমা নামের এক শিশুকে তার মা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। স্থানীয়রা এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে। শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষার চিন্তায় জেলা প্রশাসন শিশুটিকে রাঙামাটি সরকারি শিশু পরিবারের হাতে তুলে দেয়।
শিশুটির মা মানু মারমা যখন তাকে বিক্রির জন্য বাজারে আনেন, তখন স্থানীয় মানুষজন বিষয়টি জানতে পেরে বাঁধা দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলা পরিষদ অবিলম্বে ব্যবস্থা নেন।
সোমবার (১১ আগস্ট) দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার শিশুটির মা ও পরিবারের সঙ্গে কথা বলে সম্মতির ভিত্তিতে শিশুটিকে সরকারি শিশু পরিবারের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তারা।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, “জেলা পরিষদের সঙ্গে সমন্বয় করে আমরা শিশুটিকে গ্রহণ করেছি। শিশুটি এখন থেকে সরকারি সুরক্ষায় থাকবে এবং তার পড়াশোনা ও সুস্থ বিকাশ নিশ্চিত করা হবে।”
চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, “পরিবারের সঙ্গে বিস্তারিত আলোচনা ও সম্মতির পর শিশুটিকে সরকারি শিশু পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। শিশুটি সেখানে থেকে পড়াশোনা করবে এবং তার যাবতীয় যত্ন-খেয়াল জেলা পরিষদ ও সমাজসেবা কর্তৃপক্ষের দ্বায়িত্বে থাকবে। পাশাপাশি শিশুটির মা মানু মারমার অসুস্থতার কারণে তার চিকিৎসার সকল খরচও জেলা পরিষদ বহন করবে।”
স্থানীয়রা এই মানবিক উদ্যোগের জন্য জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন, শিশু ও তার পরিবার সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়বে।

-পার্বত্য সময়