পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠন এবং পরিষদে যোগ্য ব্যক্তিদের নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে প্রসীত খিসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ। এ মানববন্ধনে অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ে তথা শিশুদের উপস্থিতির আধিক্য থাকায় সমালোচনা করছে নেটিজেনরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
ইউপিডিএফ'র মুখপাত্র সিএইচটি নিউজের ফেসবুক পেজে এই মানববন্ধনের একটি ভিডিয়ো প্রকাশের পর থেকেই এ সমালোচনা শুরু হয়। নেটিজেনদের অভিযোগ, ইউপিডিএফ তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য শিশুদের ব্যবহার করছে। তবে এই মানববন্ধনে অল্প সংখ্যক প্রাপ্ত বয়স্ক মানুষেরও উপস্থিতি লক্ষ্য করা যায়।
ওই ভিডিয়োর নিচে বিইউ চাকমা নামের একজন কমেন্টে জানান, "এই কচি-কাচা ছেলেমেয়েদের বলির পাঠা বানাচ্ছে ইউপিডিএফ, খুবই দুঃখজনক ও হীন কার্যক্রমে লিপ্ত ইউপিডিএফ(প্রসিত)।"
মো দেল নামক এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, "একজন ছাত্রের ( শিশু) হাতে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করার জন্য বাধ্য করেছে ইউপিডিএফ, লজ্জা জনক বিষয়। তার নিজের কোনো যোদ্ধা নাই নাকি? ছাত্রের ( শিশু) হাতে অস্ত্র তুলে দিচ্ছে।"
উল্লেখ্য, সর্বশেষ পাস হওয়া শিশু আইন, ২০১৩ অনুসারে শিশুকে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আইনে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো শিশুর দ্বারা আগ্নেয়াস্ত্র বা অবৈধ ও নিষিদ্ধ বস্তু বহন এবং সন্ত্রাসী কার্য করান, তাহলে এসব অপরাধের জন্য তিন বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
এর আগে বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিল জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। এ ধরনের কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার করা থেকে বিরত থাকতে সংস্থাটি দেশের সব ধরণের রাজনৈতিক দলের প্রতি আহ্বানও জানায়।
-পার্বত্য সময়


