রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২১ মে) দিবাগত রাত ১টার দিকে স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেনের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হলেও, অনেক স্থানীয় বাসিন্দা ঘটনাটিকে "রহস্যজনক" বলে দাবি করেছেন। তাদের মতে, আগুন লাগার সময় ও আগুনের দ্রুত বিস্তারের পেছনে উদ্দেশ্যপ্রণোদিত কিছু ঘটনার ইঙ্গিত থাকতে পারে।
উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয় জনগণ, পুলিশ ও বিজিবির সদস্যরা সম্মিলিতভাবে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
দগ্ধ দোকানগুলোর মধ্যে মুদি, কাপড়, ঔষধ, চায়ের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে অন্তত দেড় কোটি টাকার সম্পদ ও মালামাল ধ্বংস হয়েছে।
খবর পেয়ে বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো- বাঘাইছড়ি উপজেলায় দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছে স্থানীয়রা। ২০১৮ সালে জমি অধিগ্রহণ করলেও, সাত বছরেও সেখানে ফায়ার স্টেশন নির্মাণ কাজ শুরু হয়নি। এবারকার ভয়াবহ ক্ষয়ক্ষতির পর ওই দাবিটি আরও জোরালো হয়ে উঠেছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত স্থায়ী ফায়ার স্টেশন নির্মাণ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

-পার্বত্য সময়