আবারও স্থগিত করা হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন। বৈরী আবহাওয়া এবং অবরোধের কারণে দ্বিতীয় দফায় নির্বাচন স্থগিত করলো নির্বাচন কমিশন।
জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন খান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সড়ক ও নৌপথ অবরোধের কারণে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। এর আগে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এ উপজেলা পরিষদের ভোট ২৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
এদিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে এবং সাজেকের বাঘাহাট নির্বাচনী এজেন্টদের হুমকির প্রতিবাদে শনিবার বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা (ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্ষন্ত) সড়ক ও নৌপথ অবরোধ পালন কর্মসূচি করছে মাচলং নির্বাচন পরিচালনা কমিটি। এ কর্মসূচি সমর্থন দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত)। 
ইউপিডিএফ (প্রসীত) সকাল-সন্ধ্যা ডাকা  অবরোধে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন, পাহাড়ি মহিলাদের দিয়ে রাস্তা অবরোধের চেষ্টা ও ড্রাম ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করে তারা। 
সকাল হতে  দীঘিনালা সাজেক রোডের শুকনোছড়া এলাকায় ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক পাহাড়ি মহিলাদের দিয়ে রাস্তা অবরোধ করে। এছাড়াও সাজেক রোডের গঙ্গারাম উলুছড়া এলাকায় ইউপিডিএফ প্রসীত সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম সাজেক এলাকার সভাপতি নিউটন চাকমা'র নের্তৃত্বে একটি টিম টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।  
এছাড়াও দীঘিনালা-মারিশ্যা রোডের ১২ কিলো নামক স্থানে ইউপিডিএফ (প্রসীত) এর সন্ত্রাসী কর্তৃক পাথর বোঝাই ডাম্প ট্রাকের চাবি ছিনিয়ে নিয়ে ও ড্রাইভারদের মারধর করে উক্ত গাড়ি দিয়েই রাস্তা বন্ধ করে রাখার খবর পাওয়া যায়। 
মাচলং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিপুল চাকমা জানিয়েছেন, নির্বাচন স্থগিত করায় বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ দুপুর ১২টার পর প্রত্যাহার হবে। তবে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন না হলে আবারও অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

-পার্বত্য সময়