চলতি বছরের জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত বান্দরবান জেলায় ১৮টি ধর্ষণসহ মোট ৩৪টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত এক সংলাপে এই তথ্য তুলে ধরেন স্থানীয় এনজিও সংস্থা বলিপাড়া নারী উন্নয়ন কেন্দ্র (বিএনকেএস)-এর উপ-নিবাহী পরিচালক উবানু মার্মা।
‘নারীর প্রতি সহিংসতা রোধে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সুশীল সমাজের নাগরিকদের ভূমিকা’ শীর্ষক সংলাপে উবানু মার্মা জানান, জেলা লিগ্যাল এইড, পুলিশ ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সংগৃহীত পরিসংখ্যান অনুযায়ী এ বছর ৮ মাসেই বান্দরবানের ৭টি উপজেলায় ৩৪ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন।
এর মধ্যে থানচিতে ১ জন, বান্দরবান সদরে ৩ জন, লামা উপজেলায় ৭ জন, আলিকদমে ২ জন, রুমায় ১ জন, নাইক্ষ্যংছড়িতে ৩ জন এবং রোয়াংছড়িতে ১ জন ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন আরও ১৬ জন নারী।
উবানু মার্মা বলেন, “অল্প সময়ে এত বেশি ঘটনার সংখ্যা উদ্বেগজনক। আমরা প্রশাসনের কাছে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
সংলাপে বক্তারা জানান, দুর্গম এলাকায় নারী নির্যাতনের ঘটনা ঘটলেও অনেক অভিভাবক মামলা করতে অনীহা প্রকাশ করেন, যা বিচার প্রক্রিয়ায় বড় বাধা হয়ে দাঁড়ায়।
প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বান্দরবানের পাহাড়ে নারী ও শিশুরা নানা নির্যাতনের শিকার হচ্ছে। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং যেকোনো ঘটনার সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে হবে।” তিনি সম্প্রতি বান্দরবানে পাঁচ যুবকের হাতে এক শিক্ষার্থী গণধর্ষণের ঘটনার নিন্দা জানান এবং দ্রুত অভিযুক্তদের শাস্তির দাবি করেন।
বিএনকেএস কার্যকরী কমিটির সভানেত্রী নেমকিম বম-এর সভাপতিত্বে আয়োজিত সংলাপে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মানবাধিকারকর্মী অং চ মং মার্মা, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য, বিএনকেএস একটি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা। যা ১৯৯১ সাল থেকে পার্বত্য চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশের বিভিন্ন এনজিও সংস্থার সহযোগিতায় নানারকম কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
২০২১ সাল থেকে ডিয়াকোনিয়া বাংলাদেশের অর্থায়নে বিএনকেএসের বাস্তবায়নে বান্দরবান সদর ও থানচি উপজেলার 'ইনসুরিং রিপ্রোডাকটিভ হেলথ রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি ফর এন্থনিক হিলি ওমেন ইন বান্দরবান' প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে। তারই ধারবাহিকতায় বুধবার সকালে বান্দরবান প্রেস ক্লাব হলরুমে সংলাপের আয়োজন করা হয়।
-পার্বত্য সময়


